মসজিদ নির্মাণে ১০ হাজার কোটি টাকা ব্যয় ইতিহাস সৃষ্টি করেছে : ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় পুরো বাংলাদেশে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে জেলা শহরে ১৮ কোটি ব্যয়ে এবং উপজেলা পর্যায়ে ১৪ কোটি টাকা ব্যয়ে এসব মসজিদ নির্মাণ কাজ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। মসজিদ নির্মাণে এত কোটি টাকা ব্যয় বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে।
গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শন শেষে স্থানীয় ওলামা মাশায়েখ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআইবি) উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবিব জিতু, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকারিয়া রহমান জিকু, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুস সালাম চৌধুরী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: সালাহউদ্দিন হিরুসহ স্থানীয়রা।
মতবিনিময় শেষে প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব প্রয়াত মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনর কবর জিয়ারত করেন ধর্ম প্রতিমন্ত্রী।


