সরকারিকৃত কলেজ শিক্ষকদের দ্রুত অ্যাডহক নিয়োগের দাবি
সরকারিকৃত কলেজগুলোর শিক্ষক কর্মচারিদের দ্রুত পদ-সৃজন ও অ্যাডহক নিয়োগের দাবিতে বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ)র বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় বাসকশিপ বরিশাল বিভাগীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ) বরিশাল জেলার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত বক্তারা সরকারিকৃত কলেজ সমূহের শিক্ষক কর্মচারিদের বর্তমান দূরাবস্থা দূরীকরণে এ সকল কলেজ সমূহের শিক্ষক কর্মচারিদের দ্রুত পদ-সৃজন ও অ্যাডহক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। প্রতিনিধি সভা শেষে বাসকশিপের বরিশাল বিভাগীয় কমিটি গঠন এবং ঝালকাঠি জেলার কমিটি পূনর্গঠন করা হয়। সভায় বিভাগীয় সভাপতি মো. শামসুল আলম ও সাধারণ সম্পাদক অরবিন্দ রায়কে নির্বাচিত করা হয়। ঝালকাঠি জেলায় মো. শামসুল আলমকে সভাপতি ও বি এম নুরুজ্জামানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়।
